চুরির মামলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার
জামালপুরের মাদারগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হওয়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব আব্দুল হামিদ বুরহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়ানোর স্পষ্ট প্রমাণের ভিত্তিতে রাসেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে এবং দলের অন্য নেতাকর্মীদের তার সাথে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ বুরহান বলেন, সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার রাতে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ রাসেল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অন্য চারজন হলেন- বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার ওবিনুর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। গ্রেপ্তার শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত দুই মাসে মাদারগঞ্জ এলাকায় ২৬টির মতো ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে, যা স্থানীয় কৃষি ও বিদ্যুৎ সরবরাহে চরম ভোগান্তি সৃষ্টি করে। পল্লী বিদ্যুতের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এই চক্রটিকে চিহ্নিত করে। অভিযানে তাদের কাছ থেকে চুরির নানাবিধ সরঞ্জাম জব্দ করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, চক্রটির মূল হোতাকে শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)