দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ রোববার (২৮ ডিসেম্বর) শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম জানান, ‘রোববার সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।’
এর আগে গত ২৩ ডিসেম্বর আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ তার শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। তিনি বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি আজ ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইনজীবী হিসেবে ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং এর দুই বছর পর স্থায়ী বিচারপতি হন। ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি পান।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি লাভ করেন। তাঁর পিতা প্রয়াত এ এফ এম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান বিচারক ছিলেন।
২০২৮ সালের ১৭মে পর্যন্ত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)