আলফাডাঙ্গায় রাতের আঁধারে প্রতিপক্ষের হামলায় নিহত ১
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে রাতের আঁধারে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ইসমাইল মোল্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে বৃহস্পতিবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইফুল সর্দারের বাড়িতে হানা দেয়। হামলায় সাইফুল সর্দার গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত ইসমাইল মোল্যাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। হামলার খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পূর্ব বিরোধের জেরে এই অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’

সঞ্জিব দাস, ফরিদপুর