মান্দায় বাসচাপায় কারারক্ষী নিহত
নওগাঁর মান্দায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে পলাশ আলীর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্যাল বলেন, বাসচাপায় ঘটাস্থলেই ওই কারারক্ষী নিহত হন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। ঘাতক বাসটিকে শনাক্তে পুলিশ কাজ করছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ
সুলতান আহমেদ, নওগাঁ (মান্দা-নিয়ামতপুর)