পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা, নয়ন কারাগারে
পুরান ঢাকার শ্যামবাজারে আব্দুর রহমান ভূইয়া (৫৫) নামে এক মসলা ব্যবসায়ীকে দোকানে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি এমামুল হাসান নয়নকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন। এদিন আদালতে জামিনের আবেদন করলে বিচারক তাও নাকচ করে দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সোহানুজ্জামান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৪ ডিসেম্বর এমামুল হাসান নয়নকে দুই দিনের রিমান্ডে পাঠায় সিএমএম আদালত।
নথি থেকে জানা গেছে, নয়নের স্ত্রীর ভাই অয়ন গাঙ্গুলী পলাশ হাসনাবাদে হলুদ মরিচের ব্যবসা করেন। নয়ন সূত্রাপুর থানার ১৩ নম্বর শ্যামবাজার রহমত উল্লাহ বাণিজ্যালয়ে হলুদ মরিচের আড়তদারি ও হলুদ মরিচ ভাঙানোর মিলের ব্যবসা করেন। তিনি নয়নের কাছ থেকে হলুদ, মরিচ নিয়ে হাসনাবাদে দোকানে দোকানে পাইকারি বিক্রি করেন। গত ১১ ডিসেম্বর সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে নয়ন অয়নের ব্যবহৃত মোবাইলফোন দিয়ে শ্যামবাজারে যাওয়ার কথা বলেন।
সোহানুজ্জামান জানান, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে সূত্রাপুর থানার শ্যামবাজার এলাকার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে যান অয়ন। সেখানে নয়ন ও রুবেল নামে দুজনকে দেখতে পান অয়ন। অয়ন যখন মাওলা বক্সের সামনে যান, তখন তার মাথায় ক্যাপ, পড়নে জিন্সের প্যান্ট ও পায়ে চকলেট কালারের চামড়ার স্যান্ডেল পড়া ছিল। সেখানে বসে তারা চা খান। এসময় নয়ন বলেন, আব্দুর রহমান অনেক ঝামেলা করতেছে, তাকে সাইজ করতে হবে। বেলা ১২টার দিকে আব্দুর রহমান তার বাড়ি থেকে বের হয়ে শ্যামবাজার দোকানে রওনা হলে নয়ন অয়নকে বলে দ্রুত সামনে চলো। তখন অয়ন ও রুবেলসহ তিন জন রূপলাল দাস লেনের দিকে এগোতে থাকেন। এ সময় আব্দুর রহমান অয়নকে ক্রস করে সামনে এগোতে থাকেন। একপর্যায়ে আব্দুর রহমান নয়নের পাশাপাশি গেলে অয়ন ২ রাউন্ড গুলির শব্দ পান। ওই সময় নয়ন সামনের দিকে দৌঁড় দেন। অয়ন ও রুবেল পেছনের দিকে দ্রুত হাঁটতে থাকেন। পরবর্তী সময়ে রুবেল নয়নকে ফোন দিয়ে খবর জানতে চান। তখন নয়ন জানান, তোমরা পোস্তগোলা গিয়ে অপেক্ষা করো আমি আসতেছি। তারপর অয়ন, নয়ন, রুবেলসহ সবাই পোস্তগোলা গিয়ে একত্রিত হন। তখন রুবেল বাসার দিকে চলে যান। অয়ন ও নয়ন সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরির পর রাত ১০টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে র্যাব সেখান থেকে তাদের গ্রেপ্তার করে। আব্দুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে শাকিল আহম্মেদ শনিবার সূত্রাপুর থানায় নয়নের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলা করেন। আব্দুর রহমান মাছ বাজার সমিতির সভাপতিও ছিলেন।

আদালত প্রতিবেদক