ভিডিও করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর
শেরপুরের শ্রীবরদীতে হাতির আক্রমণে ফারুক হোসেন (৪০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুরীর সীমান্তবর্তী মালাকোচা বিটের সোনাঝুরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বন্য হাতির একটি দল বালিজুরী এলাকায় অবস্থান নিয়েছে। বন্য হাতির দল দেখতে বিভিন্ন এলাকার লোকজন পাহাড়ে ভিড় করছে। সোমবার বিকেলে হাতির দল দেখতে লোকজন পাহাড়ে ওঠে। এ সময় ফারুক হোসেন ভিডিও করতে হাতির কাছে চলে যান। ফারুক হোসেনের ফেসবুক আইডিতে দেখা যায়, তিনি নিয়মিত হাতির ভিডিও বানাতেন। ভিডিও বানানোর একপর্যায়ে ফারুক হাতির আক্রমণে পিষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিজুরী রেঞ্জের বন কর্মকর্তা সুমন মিয়া বলেন, পাহাড়ে হাতি দেখতে গিয়ে ভিডিও করার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আপাতত সীমান্ত সড়ক দিয়ে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। হাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে সহযোগিতা করা হবে।

কাকন রেজা, শেরপুর