মহাসড়কে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলায় হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদর উপজেলার একডালা পূর্বপাড়ার এলিম শাহের ছেলে মোস্তফা সর্দার (৫৫)। তিনি পেশায় চালকল ব্যবসায়ী। অপরজন হলেন পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।
সদর মডেল থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে হাঁপানিয়া তেঁতুলতলী এলাকায় রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বর্তমানে নওগাঁ ২৫০ শষ্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিআরটিসি বাসটি আটক করা হয়েছে। এর আগে বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজার বাসটি ফেলে পালিয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

আসাদুর রহমান জয়, নওগাঁ