বরিশালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইঞ্জিন-চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আজ রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহণের যাত্রীবাহী বাসটি উজিরপুর উপজেলার আটিপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা দুজন সোহরাব (৩৮) ও রুবেল (৪০) ঘটনাস্থলেই মারা যায়। ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের উপর আছড়ে পড়লে বাসে থাকা হেলপারসহ আট থেকে ১০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে হেলপারকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
উজিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ আলম বলেন, ‘ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুজনই উজিরপুর উপজেলার বাসিন্দা। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে। বাসের চালক পলাতক রয়েছে।’

আকতার ফারুক শাহিন, বরিশাল