ইতালির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যসহ আরও অনেকে। ছবি : ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (২৪ জুলাই) থেকে ২৬ জুলাই রোমে অনুষ্ঠিতব্য জাতিসংঘ ফুড সিস্টেমস সামিটে যোগ দিতে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আজ রোববার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে) রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান ও কূটনীতিক কোরের ডিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ আরও অনেকে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)