ঢাকায় ছয় ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি
আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ঈদের একদিন আগেই আজ বুধবার (২৮ জুন) ভোর থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদদের মতে ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ বুধবার (২৮ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বিষয়টি জানিয়ে বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারা দিন রাজধানীতে কখনও মাঝারি কখনও ভারী বৃষ্টি হবে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
তরিকুল আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ঈদুল আজহার দিন দেশের সব জেলাতেই মাঝারি ও ভারী বৃষ্টি হবে। কাল উত্তরাঞ্চলে বৃষ্টি আরও বাড়বে, তবে, দক্ষিণাঞ্চলে বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করবে।
আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার (২৮ জুন) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, দেশের ২০টি জেলায় ঝড় ও বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের নদীবন্দর এবং উপকূলীয় এলাকার সমুদ্রবন্দরে ঝড়ের আশঙ্কা থাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়া যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

নিজস্ব প্রতিবেদক