ফসল বাঁচানোর অফিসে তালা, এক যুগেও মেলেনি সেবা!
তিন মাস ধরে সন্তানের মতো যত্নে আমন ধান ফলিয়েছিলেন কৃষকেরা। কেউ ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন, কেউ আবার কয়েক দিনের মধ্যেই পাকা ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় তাদের সেই স্বপ্ন এখন পানির নিচে। কোথাও কাটা ধান পানিতে ভাসছে, কোথাও জমিতে নুয়ে পড়েছে পাকা ধানগাছ। একই সঙ্গে ক্ষতির মুখে পড়েছে আলু, পেঁয়াজসহ শীতকালীন সবজির আবাদ।
প্রাকৃতিক দুর্যোগে ফসলের এমন ক্ষতির পর নতুন করে প্রশ্ন উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কার্যক্রম নিয়ে। কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য জানাতে ২০১২ সালে সরকারি অর্থায়নে স্থাপন করা হয়েছিল এই পর্যবেক্ষণাগার। উদ্দেশ্য ছিল আবহাওয়ার পূর্বাভাস ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কৃষকদের ফসল রক্ষায় সহায়তা করা। কিন্তু দুর্যোগের সময় সেই প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়েই দেখা দিয়েছে নানা প্রশ্ন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, অধিকাংশ সময়ই বন্ধ থাকে কার্যালয়টি। আবহাওয়ার পূর্বাভাস কিংবা ফসল রক্ষায় করণীয় সম্পর্কে নিয়মিত কোনো তথ্যও তারা পান না। অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে গিয়ে কার্যালয়টি তালাবদ্ধ পাওয়া যায়।
বদলগাছীর বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে আছে নিচু জমি। কোথাও হাঁটুসমান পানিতে ভাসছে কাটা ধান। কোথাও জমিতে পড়ে আছে পাকা ধানগাছ। আগাম আবাদ করা আলু ও পেঁয়াজের জমিতেও পানি জমে রয়েছে। এতে ফসল পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
তাদের ভাষ্য, সময়মতো আবহাওয়ার সতর্কবার্তা পেলে অন্তত পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার প্রস্তুতি নেওয়া যেত। একইভাবে আলু ও পেঁয়াজের আবাদও আবহাওয়ার পরিস্থিতি বুঝে কিছুটা পিছিয়ে দেওয়া সম্ভব হতো।
কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার নিয়ে অভিযোগের বিষয়ে জানতে সরেজমিনে কার্যালয়ে গেলে দেখা যায়, মূল ফটক ভেতর থেকে তালাবদ্ধ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর একজন এসে ফটক খুলে দেন। তবে কার্যালয়ের ভেতরে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।
কিছুক্ষণ পর নিজেকে উচ্চ পর্যবেক্ষক পরিচয় দেওয়া এক ব্যক্তি এসে বলেন, কার্যালয়ের স্যার ছুটিতে আছেন। তিনি কবে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
পরে কার্যালয় থেকে পাওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিস্তারিত কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ফোনে সব কথা বলা যাবে না। তবে কবে কার্যালয়ে এসে বক্তব্য দেবেন, সে বিষয়েও নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। কৃষকদের কাছে আবহাওয়ার পূর্বাভাস না পৌঁছানোর কারণ সম্পর্কেও তিনি কথা বলতে রাজি হননি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বদলগাছীতে প্রায় ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমন এবং ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২২৫ হেক্টর জমির ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের আবহাওয়া সম্পর্কে সতর্ক করেছে। পাকা ধান দ্রুত কেটে মাড়াই করার পরামর্শও দেওয়া হয়েছিল। তবে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে তারা কোনো পূর্বাভাস পাননি।
তার এই বক্তব্যে পর্যবেক্ষণাগারটির কার্যক্রম নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। যে প্রতিষ্ঠানের মূল কাজই কৃষিসংশ্লিষ্ট আবহাওয়ার তথ্য সরবরাহ করা, সেই প্রতিষ্ঠান থেকে উপজেলা কৃষি বিভাগই যদি পূর্বাভাস না পায়, তাহলে মাঠপর্যায়ের কৃষকদের কাছে তথ্য পৌঁছানোর ব্যবস্থা কতটা কার্যকর ছিল?
উপজেলার কৃষক হাফিজার বলেন, দুর্যোগের আগাম খবর পেলে ফসল রক্ষায় কিছু প্রস্তুতি নেওয়া সম্ভব হতো। বিশেষ করে পাকা ধান মাঠে শুকাতে না দিয়ে দ্রুত ঘরে তোলা যেত।
কৃষক ছামছুল ও বাচ্চু বলেন, আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে কৃষি অফিস বা আবহাওয়া অফিস জানালে তারা আলু ও পেঁয়াজের আবাদ কয়েক দিন পিছিয়ে দিতে পারতেন। এতে ফসলের ক্ষতি কিছুটা হলেও এড়ানো সম্ভব হতো।
২০১২ সালে স্থাপিত কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারটির কার্যক্রম, জনবল, কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি এবং কৃষকদের কাছে পূর্বাভাস পৌঁছানোর ব্যবস্থা নিয়ে এখন নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত এই কার্যালয় এত দিন কতটা কার্যকরভাবে কৃষকদের সেবা দিয়েছে, দুর্যোগের আগে কী ধরনের সতর্কবার্তা প্রচার করেছে- এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)