এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় ওয়াহিদুন্নেসা ও সেঁজুতি
চলতি বছর এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি বিজ্ঞানী। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক সেঁজুতি সাহা। সিঙ্গাপুর ভিত্তিক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্টের অষ্টম সংস্করণের তালিকায় স্থান করে নেন এই দুই বাংলাদেশি।
এশিয়ান সায়েন্টিস্ট জানায়, গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় (জলভূমি পরিবেশবিদ্যা) পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ সংরক্ষণ সংস্থা ওয়াইল্ডটিমের একজন বোর্ড সদস্য। ওয়াইল্ডটিম বাংলাদেশের বিলুপ্তির পথে থাকা প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে।
গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী বাংলাদেশে জলজ বাস্তুতন্ত্র এবং ঝুঁকিপূর্ণ প্রজাতি সংরক্ষণে তার অবদানের জন্য ২০২২ সালেডব্লিউএসডি-এলসিভিয়ার ফাউন্ডেশন অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি দেশের জলপথে প্লাস্টিক দূষণের ঝুঁকির বিষয়ে কাজ করেন। তিনি বাংলাদেশের জুলজিক্যাল সোসাইটির সদস্য এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর দক্ষিণ এশীয় ইনভার্টেব্রেট স্পেশালিস্ট গ্রুপের সহসভাপতি ছিলেন।
অন্যদিকে, বাংলাদেশের অন্যতম তরুণ বিজ্ঞানী সেঁজুতি সাহা। তিনি বৈশ্বিক স্বাস্থ্য গবেষণায় কাজ করছেন। তার দলই প্রথম বাংলাদেশে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স (জিনগত নকশা) উন্মোচন করেন। তিনি বিশ্বে প্রথম প্রমাণ করেন, চিকুনগুনিয়া ভাইরাস রক্তের পাশাপাশি মস্তিষ্কে বিস্তার করতে পারে এবং বাংলাদেশি শিশুদের মেনিনজাইটিস (মস্তিস্ক প্রদাহ) ঘটাতে পারে।
চিকিৎসা বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য সেঁজুতি সাহা একাধিক দেশি ও আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। এরমধ্যে রয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের দেওয়া উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ২০২১ এবং সংক্রামক রোগের ক্ষেত্রে অবদানের জন্য ওয়েবি অ্যাওয়ার্ড ২০২০। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভের উদ্যোগে গঠিত পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডের (টিআইএমবি) সদস্য।
মর্যাদাপূর্ণ এ তালিকায় স্থান পেয়েছেন চীন, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, হংকং, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের বিজ্ঞানীরাও।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)