ভ্যানচালককে হত্যা, পরিত্যক্ত অবস্থায় ভ্যান উদ্ধার
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মধুরগাতী গ্রামে ইজিভ্যানচালক দেলোয়ার গাজীকে (৬০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টার দিকে ইজিভ্যানচালক দেলোয়ার গাজীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আটঘরা-বরইতলা শ্মশানের কাছে দেলোয়ার গাজীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে দেলোয়ার গাজীর মরদেহ উদ্ধার করে। তাঁর গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি মধুরগাতী গ্রামের শুকুর গাজীর ছেলে।
এদিকে ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে যশোরের অভয়নগর উপজেলার বুনো গ্রামে দেলোয়ার গাজীর ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
নিহত দেলোয়ার গাজীর ভাই মনিরুল গাজী জানান, গতকাল সোমবার (২৯ মে) বিকেলে ইজিভ্যান নিয়ে দেলোয়ার বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁরা তাঁর সন্ধান পাননি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, দেলোয়ার গাজীকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করেছে; তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

এম. মুনীর চৌধুরী, নড়াইল