দৌলতদিয়ায় দুর্বৃত্তের হামলায় যৌনকর্মী নিহত, তদন্তে সিআইডি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তের হামলায় হাসি নামে এক যৌনকর্মী নিহত হয়েছেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই এলাকায় পরপর দুজন যৌনকর্মীর মৃত্যুর ঘটনায় স্থানীয় ও পল্লীর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ওই যৌনকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম গিয়ে কাজ শুরু করেছে। ঘটনার নেপথ্য কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
এর আগে গত ২৯ আগস্ট রাতে একই যৌনপল্লীতে কথিত প্রেমিক মো. জুয়েলের মারধরের শিকার হন সোনিয়া আক্তার নামে আরেক যৌনকর্মী। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়ার মৃত্যু হয়।
নিহত সোনিয়া আক্তার ওই এলাকার বাড়িওয়ালা তোফাজ্জেল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এ ঘটনায় বাড়িওয়ালা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করলে পুলিশ অভিযুক্ত মো. জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করে। জুয়েল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মো. কবির হোসেন, রাজবাড়ী