রাঙামাটিতে আগ্নিকাণ্ডে পুড়ল ২৬ বসত-দোকান
রাঙামাটিতে ভয়াবহ আগ্নিকাণ্ডে অন্তত ২৬টি বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
আজ রোববার দুপুর ১টার দিকে জেলার কাপ্তাই উপজেলার রাইখালি বাজার সংলগ্ন একটি বাড়ির চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। তবে বৈদ্যুতিক শট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে জানিয়েছেন অনেকে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার ও কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন জানান, আগুন লাগার পর পরই তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে জানাতে না পারলেও এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন জানান, জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম, চেয়ারম্যান দিলদার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের নানাভাবে সহযোগিতা করছেন।

ফজলে এলাহী, রাঙামাটি