ত্রাণ বিতরণ মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ নেতারা
চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকে ঘিরে হঠাৎ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মঞ্চ ধসে পড়ে গেলেন মন্ত্রীসহ নেতারা। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উপস্থিত নেতাকর্মীরা নিচে পড়ে যান। হুড়োহুড়িতে তখন ১০ থেকে ১২ জন আহত হন।
আজ শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। এ সময় অতিরিক্ত মানুষের চাপে হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এতে মন্ত্রীসহ মঞ্চে থাকা সবাই নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
মঞ্চে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এবং বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। পরে সবাই নিরাপদে উঠে আসেন।
ঘটনার পর অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর ত্রাণ গ্রহণকে কেন্দ্র করে উপস্থিত মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে কয়েকজন আহত হন। আহতদের কয়েকজনকে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে দোহাজারী বার্মা কলোনির রাশেদা আক্তার (৬০), খাগরিয়া এলাকার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার ও দোহাজারী উল্লাপাড়ার আয়েশা আক্তারের নাম জানা গেছে। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, ‘মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে মঞ্চটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই পড়ে গেলেও কেউ আহত হননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।’

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম