মানিকগঞ্জে তামাকের গুদামে আগুন
মানিকগঞ্জের জাগীর এলাকায় আজ সোমবার দুপুরে আবদুর রহিম খানের তামাকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও পচে যাওয়া তামাকের সৃষ্ট গ্যাসে এই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
গুদামে কর্মরত শ্রমিকরা সাংবাদিকদের জানান, সকাল থেকে তাঁরা তামাকে বেল্ট বাঁধার কাজ করছিলেন। দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ তামাকের গাদা (স্তূপ) থেকে আগুন জ্বলে উঠে। মুহূর্তে তা আশপাশের তামাকের বেল্টগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিকরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বাবুল হোসেন চৌধুরী জানান, দুপুর ২টার দিকে ওই গুদামে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।
ততক্ষণে বেশকিছু বেল্ট বাঁধা তামাক পুড়ে গেলেও গুদাম ঘরটি অক্ষত রয়েছে। তবে, তাৎক্ষণিক মালিকপক্ষ ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ