মানিকগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু
মানিকগঞ্জে গোলাপ মল্লিক (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জেলা কারাগার থেকে সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ দাবি করেছে।
গোলাপ মল্লিক জেলার সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের ফুলচান মল্লিকের ছেলে।
জেলা কারাগারের জেলার আবু মুসা জানান, প্রায় দুই মাস আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গোলাপকে আসামি করা হয়। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. আবদুল মালেক বলেন, গোলাপ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ৷
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ