বাবার শাবলের আঘাতে প্রাণ গেল ছেলের, বাবা আটক
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাবার শাবলের আঘাতে নুরুজ্জামান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিজ বাড়ির মাটির ঘরের কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন শরিফুল ইসলাম। কাজে বাবাকে সহযোগিতা করছিল ছেলে নুরুজ্জামান। একপর্যায়ে কাজ করার সময়ই বাবা-ছেলের মধ্যে সামান্য কথাকাটাকাটি শুরু হয়। তুচ্ছ সেই বাকবিতণ্ডা মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে রাগের মাথায় শরিফুল ইসলাম তার হাতে থাকা শাবল দিয়ে ছেলের মাথায় সজোরে আঘাত করেন।
শাবলের আঘাতে গুরুতর আহত নুরুজ্জামান রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে পাশ্ববর্তী রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এবং ওসি (তদন্ত) শহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ঘটনার সব দিক অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)