রড বোঝাই ট্রাক ছিনতাই
মানিকগঞ্জের রড বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ট্রাকটির চালক অর্পণ বাড়ই (৩৮)পুলিশ হেফাজতে রয়েছেন। ছিনতাইকারীদের আঘাতে আহত সহকারী রাজিব হোসেনকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, গতকাল রাতে ঢাকা থেকে প্রায় দুই লাখ ৬০ হাজার মূল্যের রড নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-২৩০৭) মাগুরা যাচ্ছিল। রাত ৩টার দিকে ট্রাকটি ঘিওর উপজেলার জোকা এলাকায় পৌঁছালে পিছন থেকে আরেকটি খালি ট্রাক এসে বেরিকেড দেয়। ট্রাক থেকে নেমে ১৪-১৫ জনের একটি দল ধারালো অস্ত্র হাতে রড বোঝাই ট্রাকের ভিতরে ঢুকে সহকারীকে কুপিয়ে আহত করে। চালককে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে সড়কের পাশে ফেলে দিয়ে রড বোঝাই ট্রাকটি ছিনিয়ে নিয়ে ঢাকার দিকে চলে যায়। এরপর পুলিশ গিয়ে চালক ও সহকারীকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ