বর্ষবরণে রাজধানীতে আজ কোথায় কী আয়োজন
বছর ঘুরে আবারও এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। চৈত্রের শেষ দিন পেরিয়ে নতুন বাংলা বছরের প্রথম দিন বর্ষবরণকে ঘিরে রাজধানী ঢাকায় এখন উৎসবের আমেজ।
গ্রামবাংলার মতো ঐতিহ্যবাহী মেলার স্বাদ শহরে না পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে নগরজীবনেও বৈশাখী আয়োজন হয়ে উঠেছে বেশ প্রাণবন্ত। নানা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন প্রান্তে বসছে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর লোকজ আয়োজন।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ১৪৩৩ সনের বাংলা নববর্ষের এই দিনে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে নতুন বছরকে বরণ করতে চাইলে জেনে নিতে পারেন কোথায় কী হচ্ছে-
বিসিক বৈশাখী মেলা (বাংলা একাডেমি প্রাঙ্গণ)
বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে চলছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। ১৪ থেকে ২০ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মেলাটি। এখানে পাওয়া যাবে গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য— মাটির সামগ্রী, নকশিকাঁথা, হস্তশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বৈচিত্র্যময় জিনিসপত্র।
আর্কা বৈশাখ ১৪৩৩ (গুলশান–তেজগাঁও লিংক রোড)
আলোকি প্রাঙ্গণে আর্কা কালেকটিভের উদ্যোগে আয়োজিত ‘আর্কা বৈশাখ’দুইদিনব্যাপী উৎসবে ভাগ করা হয়েছে মেলা, খেলাঘর, ভোজনালয় ও মঞ্চ পরিবেশনায়। বিভিন্ন ব্যান্ডের পারফরম্যান্সে মুখর থাকবে আয়োজনটি। প্রতিদিনের টিকিট মূল্য ৫০০ টাকা।
যাত্রাবিরতির বৈশাখী আয়োজন (বনানী)
বনানীর জনপ্রিয় আয়োজনস্থল যাত্রাবিরতিতে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বাউলগান, নাচ, পুতুলনাচ, বায়োস্কোপ প্রদর্শনীসহ রয়েছে লোকজ মেলার আমেজ। অংশ নিচ্ছে সোনার বাংলা সার্কাস ব্যান্ড। প্রবেশমূল্য ৫০০ টাকা।
এসএমই বৈশাখী মেলা (আগারগাঁও)
বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এসএমই বৈশাখী মেলা, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ৩০০টির বেশি স্টলে দেশীয় পণ্য ও খাবারের সমাহার। পাশাপাশি প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের আয়োজন। প্রবেশমূল্য ৩০ টাকা।
লাল বৈশাখী (কামাল আতাতুর্ক পার্ক, বনানী)
রিশকা কানেক্টসের আয়োজনে দুই দিনব্যাপী এই উৎসবে রয়েছে নাগরদোলা, বায়োস্কোপ, বৈশাখী ফটোবুথ এবং নানা মজার খেলা। কনসার্টে অংশ নিচ্ছে জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। প্রবেশমূল্য ৩০০ টাকা।
উৎসবে বৈশাখ (শেফস টেবিল, কোর্টসাইড, ভাটারা)
১৪ এপ্রিল আয়োজিত এই অনুষ্ঠানে রয়েছে আলপনা, পাপেট শো, বাউলগান, নাগরদোলা ও খেলাধুলা। বিকেল থেকে শুরু হবে কনসার্ট। সাধারণ প্রবেশমূল্য ২০০ টাকা, আর কনসার্টের জন্য ৮০০ টাকা।
এর বাইরে রাজধানীর প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় ছোট-বড় বৈশাখী আয়োজন রয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য, খাবার আর সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠবে উৎসব।

নিজস্ব প্রতিবেদক