রাতভর হামলা, ১২৪৬ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি আকাশ হামলা অব্যাহত রয়েছে। রাতে নতুন করে চালানো হামলায় মস্কো অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া শত শত ড্রোনসহ ১ হাজার ২৪৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর ৭ শতাধিক ড্রোন হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ শনিবার (২৮ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় সমর্থিত ম্যাক্স প্ল্যাটফর্মে জানান, শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে ৪৬০টির বেশি ড্রোন মস্কো অঞ্চলের দিকে ছুটে আসে। এর মধ্যে শহরের কাছাকাছি পৌঁছানোর সময় ১২৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মস্কোসহ এক ডজনেরও বেশি অঞ্চলে আকাশ প্রতিরক্ষা বাহিনী ১ হাজার ২৪৬টি ইউক্রেনীয় ফিক্সড-উইং মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ধ্বংস করেছে। ইউক্রেন সীমান্তের নিকটতম অংশ থেকে মস্কোর দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার (৩১০ মাইল)। এ ছাড়া মন্ত্রণালয়ের উল্লেখ করা ভোলগোগ্রাদ ও ক্রাসনোদার অঞ্চলও ইউক্রেন থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত।
এদিকে ইউক্রেনেও ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। জাপোরিঝঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে ৭ শতাধিক রুশ ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন পাঁচজন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা সামরিক সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
যুদ্ধ পঞ্চম বার্ষিকীর দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পক্ষের হামলা আরও তীব্র ও গভীরতর হয়েছে। বন্দিবিনিময় ছাড়া সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টা এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

এনটিভি অনলাইন ডেস্ক