এনভিডিয়ায় হুয়াংয়ের প্রত্যাবর্তন : কারা বেশি লাভবান, কারা ক্ষতিগ্রস্ত?
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের অন্যতম মুখ ও বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং কেলেঙ্কারির জেরে পদচ্যুত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও শীর্ষ পদে ফিরেছেন।
সিলিকন ভ্যালির প্রভাবশালী মহলের জোরালো তদবির ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ৬৩ বছর বয়সী হুয়াংকে পুনর্বহাল করতে বাধ্য হয়। এর আগে সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংসহ একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ায় তিনি পদ হারিয়েছিলেন। অ্যালিস হুয়াং এনভিডিয়ার গ্রাহক প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর নির্বাহী ও নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার, যে প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র কালোতালিকাভুক্ত করেছে।
সোমবার হুয়াংয়ের প্রত্যাবর্তনের খবরে এনভিডিয়ার শেয়ারের দাম এক লাফে ৩০ শতাংশের বেশি বেড়ে যায়। তবে প্রতিষ্ঠানটি ও এর সিইওর বিরুদ্ধে তদন্ত চলমান থাকা অবস্থায় ট্রাম্প প্রশাসনের এই হস্তক্ষেপ এবং চীনের সঙ্গে ওয়াশিংটনের ক্রমবর্ধমান প্রযুক্তিগত দ্বন্দ্বের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে এই পুরো ঘটনায় কারা বড় বিজয়ী আর কারা ক্ষতির মুখে পড়লেন।
লাভবান হলেন যারা
জেনসেন হুয়াং : আশির দশকে রেস্তোরাঁয় থালাবাসন ধোয়া থেকে শুরু করে ৪ ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি জায়ান্ট গড়ে তোলা হুয়াং প্রায় ৩৩ বছর ধরে এনভিডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। অফিসের বাইরে থাকা ১১ দিনে তার বিরুদ্ধে সহকর্মীদের সঙ্গে আরও অন্তত দুটি বিবাহবহির্ভূত সম্পর্ক ও অধস্তনদের সঙ্গে রূঢ় আচরণের অভিযোগ সামনে আসে। তবুও মেটার মার্ক জাকারবার্গ বা স্পেসএক্সের ইলন মাস্কের মতো সিলিকন ভ্যালির ‘অপরিহার্য’ নেতাদের কাতারে নাম লিখিয়ে তিনি সগৌরবে ফিরে এসেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও চীনা নারীর গুপ্তচরবৃত্তির অভিযোগ উড়িয়ে দিয়ে হুয়াংয়ের পক্ষ নিয়েছেন।
এনভিডিয়ার শেয়ারহোল্ডাররা : গত ১১ নভেম্বর হুয়াংয়ের পদত্যাগের পর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনিশ্চয়তার জেরে এনভিডিয়ার শেয়ার দর প্রায় ২৮ শতাংশ কমে গিয়েছিল। তবে সোমবার তার ফেরার পর কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৯৫৬ বিলিয়ন ডলার বেড়ে ৩ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ৯৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই লাভবান শেয়ারহোল্ডারদের তালিকায় খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন, যার হাতে গত আগস্ট পর্যন্ত এনভিডিয়ার ১ কোটি ৩০ লাখ থেকে ৬ কোটি ২০ লাখ ডলার মূল্যের শেয়ার ছিল।
এনভিডিয়ার সঙ্গে ব্যবসায় যুক্ত প্রতিষ্ঠানগুলো : হুয়াংয়ের প্রত্যাবর্তনে বৈশ্বিক চিপ সরবরাহ শৃঙ্খলে স্বস্তি ফিরেছে। মঙ্গলবার তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) শেয়ার ৯ দশমিক ৯ শতাংশ বেড়ে বাজারমূল্যে ১৫৮ বিলিয়ন ডলার যোগ হয়েছে। এছাড়া ফক্সকনের শেয়ার প্রায় ১০ শতাংশ, দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্সের ৬ দশমিক ৭ শতাংশ, স্যামসাং ইলেকট্রনিক্সের ৬ দশমিক ৬ শতাংশ এবং জাপানের অ্যাডভানটেস্টের শেয়ার ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। চাঙ্গা হয়েছে সিউল, টোকিও ও তাইপের শেয়ারবাজার।
প্রযুক্তির উন্মুক্ত প্রবেশাধিকারের সমর্থকেরা : জেনসেন হুয়াং দীর্ঘদিন ধরে চীনে চিপ রপ্তানি নিষেধাজ্ঞার বিপক্ষে ওয়াশিংটনে লবিং করে আসছেন। তার মতে, বিক্রি বন্ধ করলে চীনের দেশীয় প্রতিযোগীরা বাজার দখল করে নেবে। তার এই ফিরে আসা প্রযুক্তির উন্মুক্ত বাজারের সমর্থকদের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে।
ক্ষতির মুখে পড়লেন যারা
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট : ট্রাম্প হুয়াংকে সমর্থন দিলেও তার প্রশাসন এ বিষয়ে বিভক্ত। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনভিডিয়ার কড়া সমালোচনা করে অভিযোগ তুলেছিলেন যে, মুনাফা বাড়াতে প্রতিষ্ঠানটি অবৈধভাবে চীনে চিপ বিক্রি করেছে। তিনি এনভিডিয়ার বাইরে থেকে নতুন সিইও নিয়োগেরও দাবি জানিয়েছিলেন। হুয়াংয়ের প্রত্যাবর্তন বেসেন্টের জন্য বড় রাজনৈতিক ধাক্কা।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ : হুয়াং পদত্যাগের পর পর্ষদ চেয়ারম্যান হার্ভে জোন্স বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছিলেন যে, হুয়াং স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন এবং তাকে আর ফেরানো হবে না। কিন্তু ইলন মাস্কসহ সিলিকন ভ্যালির নির্বাহীদের চাপে পর্ষদ নিজের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়। কলাম্বিয়া বিজনেস স্কুলের অধ্যাপক শিবা রাজগোপালের মতে, মেগাস্পিড নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই সিইওকে পুনর্বহাল করে পর্ষদ নিজেদের ওপরই বড় ঝুঁকি ও দায়ভার টেনে নিয়েছে।
প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো : এনভিডিয়ার অস্থিরতায় এএমডি ও ব্রডকমের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো বড় সুযোগের আশা করেছিল। ১২ নভেম্বর হুয়াংয়ের বিদায়ের খবরে তাদের শেয়ার প্রায় ৬ শতাংশ বেড়েছিল। গুগল ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোও এনভিডিয়ার ওপর নির্ভরতা কমানোর কথা ভাবছিল। কিন্তু হুয়াং ফিরে আসায় প্রতিদ্বন্দ্বীদের সেই বাজার দখলের সুযোগ সংকুচিত হয়ে গেল।
চীনবিরোধী কঠোরপন্থিরা : ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রুবিওর পদক্ষেপের কারণেই মূলত হুয়াংকে পর্ষদ থেকে সরতে হয়েছিল। সোমবার পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকরা হুয়াংয়ের প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করলে রুবিও কোনো উত্তর দেননি। অবশ্য হুয়াং ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন বাণিজ্য দপ্তর সিঙ্গাপুরভিত্তিক ‘মেগাস্পিড’ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও ছয়টি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক কালোতালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক