তরুণ বয়সে বিয়ে ও জনসংখ্যা বৃদ্ধির আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার
জাতীয় নিরাপত্তার সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির গভীর সম্পর্কের ওপর জোর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। চতুর্থ ‘জাতীয় জনসংখ্যা পুরস্কার’ (ন্যাশনাল পপুলেশন অ্যাওয়ার্ড) উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। খবর আলজাজিরার।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোজতবা খামেনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির অপরিহার্যতা জাতির সক্ষমতা বাস্তবায়ন এবং বহুবিধ বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সৃষ্টি ও বিকাশের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। একই সঙ্গে এটি শত্রুর হুমকি ও অসৎ উদ্দেশ্য প্রতিহত ও মোকাবিলা করার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে।
বার্তায় তিনি তরুণ বয়সে বিয়ে করা এবং ‘পরিবারকেন্দ্রিক সংস্কৃতি’ গড়ে তোলার বিষয়েও দেশবাসীকে উৎসাহিত করেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরুর দিকের হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা ও মোজতবা খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হননি।

এনটিভি অনলাইন ডেস্ক