শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব : যুক্তরাষ্ট্রকে গালিবাফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা বা পদক্ষেপ নেওয়ার আগে ইরানের দেওয়া ‘সাতটি শর্ত’ পূরণ হতে হবে বলে পুনর্ব্যক্ত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ওয়াশিংটনের প্রতি তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি উল্লেখ করে তিনি মার্কিন হুমকি ও অবমাননাকর বক্তব্যকে ‘আমেরিকানদের হতাশার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছেন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে গালিবাফের এই বক্তব্য তুলে ধরা হয়েছে। খবর আলজাজিরার।
মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, আমাদের অবস্থান আগের মতোই স্পষ্ট ও অপরিবর্তিত রয়েছে। ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ বা আলোচনা হবে না।
শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে গালিবাফ আরও বলেন, শত্রুর যেকোনো পদক্ষেপের চূড়ান্ত জবাব দিতে আমরা প্রস্তুত আছি। শত্রু যদি কোনো ভুল হিসাব-নিকাশ করে, তবে আমরা সংঘাতের ভৌগোলিক পরিধি বদলে দিতেও প্রস্তুত রয়েছি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক ‘অর্থহীন মন্তব্য ও হুমকির’ জবাবে এসব কথা বলেন গালিবাফ। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘সাপের মাথা গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত’ তার দপ্তর ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার অভিযান অব্যাহত রাখবে।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) ইরানের বৈশ্বিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ধ্বংস করার লক্ষ্যে দেশটির দুই ডজনেরও বেশি মানি এক্সচেঞ্জ হাউস, ফ্রন্ট কোম্পানি এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।
ইরানের দেওয়া সাতটি শর্তের মধ্যে রয়েছে— ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি তহবিল মুক্তি দেওয়া, সব ফ্রন্টে শত্রুতা ও হামলা বন্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেওয়া।

এনটিভি অনলাইন ডেস্ক