চীনের বাজারে ফিরছে বোয়িং? আরও ২৫০ উড়োজাহাজ বিক্রির ইঙ্গিত ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে চীন আরও ২৫০টি বিমান কিনতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি বাস্তবায়িত হলে তা দুই দেশের মধ্যকার পূর্ববর্তী বাণিজ্য চুক্তিকে আরও এক ধাপ সম্প্রসারিত করবে এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের বাণিজ্যিক সম্পর্কে নতুন গতি আনবে।
স্থানীয় সময় সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি জানান, এর আগে চীনের কাছে ২৫০টি বোয়িং বিমান বিক্রির প্রাথমিক একটি চুক্তি তিনি নিশ্চিত করেছিলেন। খবর আনাদুলুর।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রসঙ্গত, আমি চীনের কাছে ২৫০টি বোয়িং বিক্রি করেছি এবং আমার মনে হয় তারা আরও ২৫০টি বিমান কিনবে।
এর আগে চলতি বছরের মে মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চীন ২০০টি বোয়িং বিমানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের (জিই) তৈরি ইঞ্জিন কেনার বিষয়ে সম্মত হয়েছে। নতুন করে আরও ২৫০টি বিমান কেনার এই সম্ভাবনা সামনে আসায় মার্কিন উড়োজাহাজ শিল্পের জন্য চীনের বিশাল বাজার আবারও উন্মুক্ত হওয়ার জোরালো ইঙ্গিত মিলছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সম্প্রতি চীনের শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠকের পর দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধারের যে ইতিবাচক আবহ তৈরি হয়েছে, এই সম্ভাব্য বিমান চুক্তি তারই প্রতিফলন।
দীর্ঘদিন ধরে শুল্ক ও বাণিজ্যিক টানাপড়েনের কারণে বিশ্বের অন্যতম বৃহৎ বিমান বাজার চীনে বোয়িংয়ের ব্যবসা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এই সুযোগে ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এয়ারবাস চীনের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করে। তবে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক বাণিজ্য আলোচনার ফলে বোয়িংয়ের জন্য বড় অঙ্কের ক্রয়াদেশ ফিরে পাওয়ার পথ সুগম হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীন যদি সত্যিই আরও ২৫০টি বিমান কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তবে তা হবে বোয়িংয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ রপ্তানি চুক্তি।

এনটিভি অনলাইন ডেস্ক