বিশ্ববাজারে ধস, তিন মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় দরপতন হয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে অস্থিরতা ও ঝুঁকি অব্যাহত থাকা সত্ত্বেও অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্সের।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৭ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা ০ দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গতকাল সোমবার ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে স্থির হয়েছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ কমে ৭৯ দশমিক ৯৪ ডলারে লেনদেন হচ্ছে। আজকের লেনদেনের শুরুতে ডব্লিউটিআই ক্রুড গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন দরে নেমে যায়।
বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে চাহিদার তুলনায় অপরিশোধিত তেলের পর্যাপ্ত সরবরাহ এবং আগামীতে উদ্বৃত্ত তৈরির শঙ্কায় বিনিয়োগকারীরা তেল বিক্রির চাপ বাড়িয়েছেন। ফলে ভূরাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও তেলের বাজারে এই দরপতন দেখা যাচ্ছে।
উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে এখনও চরম ঝুঁকি বিরাজ করছে। গতকাল সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখা জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে ‘নিয়ম লঙ্ঘনকারী’ তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে।
এছাড়া মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০টি জ্বালানি ট্যাংকার লক্ষ্য করে চালানো সাইবার হামলার পেছনে ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্র। তবে সরবরাহ বৃদ্ধির চাপের কাছে এই ভূরাজনৈতিক ঝুঁকি আপাতত ম্লান হয়ে গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক