এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি
এল নিনোর প্রভাবে সৃষ্ট চরম খরা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে বলিভিয়া সরকার। এর মাধ্যমে সংকট মোকাবিলায় দ্রুত সরকারি তহবিল ও জরুরি সম্পদ ছাড় করার সুযোগ তৈরি হলো।
স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ এই ডিক্রিতে স্বাক্ষর করেন। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এই আবহাওয়া সংকট খরা ও বন্যার রূপ নিয়ে অত্যন্ত মারাত্মক প্রভাব ফেলতে পারে, যার জন্য সকল প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
সাম্প্রতিক সরকারি প্রতিবেদন অনুযায়ী, তীব্র খরার কারণে দেশটির নয়টি বিভাগের মধ্যে ছয়টি বিভাগেই চরম সংকট তৈরি হয়েছে। এতে প্রায় ৭৮ হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ৭৫ হাজারের বেশি গবাদি পশু। জরুরি এই ডিক্রির আওতায় দুর্গত অঞ্চলগুলোতে অতিরিক্ত উদ্ধারকারী দল মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের শেষ দিকে এল নিনো তার চরম রূপ ধারণ করতে পারে, যা লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্র আবহাওয়া পরিবর্তন ও বিপর্যয় ডেকে আনতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে। বলিভিয়ার প্রতিবেশী দেশ পেরুতে উচ্চ তাপমাত্রা ও দাবানলে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। চিলির রাজধানী সান্তিয়াগোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক