শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই
২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই।
আজ শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে বাংলাদেশে সময় দুপুর তিনটায় তাঁর নাম ঘোষণা করা হয়।
এর আগে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করেছিল নরওয়েজিয়ান নোবেল কমিটি।
গত বছর ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের পক্ষে লড়াই করায় শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো।
নোবেল পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। মানবজাতির কল্যাণে অসাধারণ অবদান রাখার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
সুইডিশ বিজ্ঞানী, প্রকৌশলী ও শিল্পপতি আলফ্রেড নোবেল তার উইলে এই পুরস্কারের ব্যবস্থা করে যান। ১৯০১ সালে আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। ডিনামাইট আবিষ্কারক নোবেল তার যাবতীয় সম্পদ উৎসর্গ করেন মানবতার কল্যাণে, বিশেষ করে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি দিতে। পরে অর্থনীতিকে যুক্ত করা হয়, যার অর্থায়ন করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবছর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল প্রদান করা হয় সুইডেনের স্টকহোমে, আর একমাত্র শান্তিতে নোবেল দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে।
কীভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়?
পুরস্কার দেওয়ার প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়।
১. মনোনয়ন
প্রতিবছর যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কারের জন্য মনোনিত করা হয়। নির্দিষ্ট যোগ্য ব্যক্তিরা সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দিতে পারেন। সাধারণ মানুষ নিজের পছন্দের কাউকে সরাসরি মনোনয়ন দিতে পারেন না।
২. বিশেষজ্ঞদের মূল্যায়ন
প্রতিটি পুরস্কারের দায়িত্বে থাকা কমিটি মনোনয়ন পাওয়া প্রার্থীদের কাজ ও অবদান পরীক্ষা করে। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়।
৩. চূড়ান্ত নির্বাচন
মূল্যায়নের পর সংশ্লিষ্ট নোবেল কমিটি বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান বিজয়ী নির্বাচন করে।
যেমন- পদার্থবিজ্ঞান, রসায়ন ও অর্থনীতিতে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। চিকিৎসাবিজ্ঞানের জন্য নোবেল এসেম্বলি এট করোলিনস্কা ইনস্টিটিউট। সাহিত্যের জন্য সুইডিশ একাডেমি এবং শান্তিতে নরওয়েজীয়ান নোবেল কমিটি।
৪. বিজয়ীর নাম ঘোষণা
প্রতিবছর সাধারণত অক্টোবর মাসে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
৫. পুরস্কার প্রদান
প্রতিবছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে পুরস্কার প্রদান করা হয়। স্টকহোমে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও অর্থনীতির পুরস্কার দেওয়া হয়। আর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলোতে।

এনটিভি অনলাইন ডেস্ক