‘জোড়াফুল’ হারিয়ে নতুন প্রতীক পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের নির্দেশে ঐতিহ্যবাহী ‘জোড়াফুল’ প্রতীক হারানোর পর নতুন প্রতীক পাওয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন ভারতের আসামের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গে এসে এক রাজনৈতিক সভায় তিনি দাবি করেন, জোড়াফুল প্রতীকের মতো মমতার নতুন পাওয়া ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীকও হাতছাড়া হবে এবং তা ‘চুপসে’ যাবে। খবর আনন্দবাজারের।
সম্প্রতি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ও দলীয় ভাঙনের জেরে নির্বাচন কমিশন ‘জোড়াফুল’ প্রতীকটি বাজেয়াপ্ত করে। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী দলকে ‘ফুটবল পায়ে খেলোয়াড়’ ও বিরোধী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে ‘খাম’ প্রতীক বরাদ্দ করা হয়।
পশ্চিমবঙ্গে দলীয় প্রচারে এসে হিমন্ত বলেন, মমতা শেষ হয়ে গেছেন, আর ক্ষমতায় ফিরবেন না। তাঁকে ভেবে রক্তচাপ বাড়ানোর দরকার নেই; এবার শুভেন্দু অধিকারী রাজ্যের উন্নয়ন করবেন আর মমতা তা বসে দেখবেন। নতুন প্রতীককে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘জোড়াফুল’ গেছে, দুই দিন পর নতুন প্রতীক ফুটবলও হাওয়া হয়ে চুপসে যাবে। মমতা দিদি আর কোথাও থাকবেন না।
হিমন্তের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ‘শকুনের শাপে গরু মরে না’ প্রবাদ তুলে ধরে কুণাল বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে বিজেপি সাময়িক একটি পরিস্থিতি তৈরি করেছে। তারা বকলস পরা অনুগত বিরোধী চায়। কিন্তু মানুষ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই থাকবে।’

এনটিভি অনলাইন ডেস্ক