ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরায়েলি নাগরিকের কারাদণ্ড
ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে সাড়ে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ইসরায়েলের আদালত।
স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে বিচারিক আদালতের এই সাজার সিদ্ধান্ত প্রকাশিত হয়।
ইসরায়েলি সংবাদপত্র ‘হাআরেৎসের’ প্রতিবেদনে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম অ্যালেক্সান্ডার গ্রানোভস্কি। তার বয়স তিরিশের কোঠায়। তিনি ২০২৪ সালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এক ইরানি এজেন্টের নির্দেশে অর্থের বিনিময়ে একাধিক নিরাপত্তা সংবেদনশীল কাজ পরিচালনা করার অপরাধে তিনি দোষী সাব্যস্ত হন। ডিজিটাল মাধ্যমে তিনি এসব কাজের বিনিময়ে হাজার হাজার ডলার অর্থ গ্রহণ করেছিলেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গ্রানোভস্কি বার্তা আদান-প্রদানের মাধ্যম ‘টেলিগ্রাম’ ব্যবহার করে ওই ইরানি হ্যান্ডলারের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। যোগাযোগের অংশ হিসেবে তিনি ইসরায়েলের সাবেক জেনারেল ও বিরোধী রাজনৈতিক দল ‘ব্লু অ্যান্ড হোয়াইটের’ নেতা বেনি গানৎস যে এলাকায় বাস করেন, সেখানকার একাধিক ছবি তুলে ইরানি এজেন্টের কাছে পাঠান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রানোভস্কি ইসরায়েলের বিভিন্ন স্থানে অন্তত ৯টি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং দেওয়ালে ক্ষতিকর গ্রাফিতি আঁকেন। এ ছাড়া সহিংসতা ও অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে অপরাধমূলক রেকর্ড থাকা অন্য ব্যক্তিদেরও নিজের দলে ভেড়ানোর চেষ্টা করেন।

এনটিভি অনলাইন ডেস্ক