সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
ইয়েমেনের মারিব গভর্নরেটে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথিরা।
স্থানীয় সময় আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। তিনি বলেন, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (এসএএম) ব্যবহার করে সৌদি রয়্যাল এয়ার ফোর্সের যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।
তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি সারি। তিনি দাবি করেন, চলতি সপ্তাহে এখন পর্যন্ত সৌদি বিমানবাহিনী ইয়েমেনে ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে।
সারি আরও দাবি করেন, কথিত ভূপাতিত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ খুঁজতে আসা সৌদি এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমানের দুটি বহরকেও একই ধরনের স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিহত করেছে হুথিরা।
তবে হুথিদের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এদিকে মক্কায় ড্রোন হামলার অভিযোগও অস্বীকার করেছে হুথিরা। ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেন থেকে মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর ওপর কোনো ধরনের হুমকি নেই।
সারি দাবি করেন, হুথিদের সামরিক অভিযান সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এবং এসব অভিযান পবিত্র স্থানগুলো থেকে অনেক দূরে।
এর আগে বুধবার ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, মঙ্গলবার হুথিদের উৎক্ষেপণ করা একটি ড্রোন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। ড্রোনটি মক্কার ওপর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয় বলে দাবি করে জোটটি।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, মক্কাকে লক্ষ্য করে হুথিদের এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে হুথিদের বিরুদ্ধে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগও করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।
মক্কা ইসলামের পবিত্রতম শহর এবং হজ পালনের প্রধান কেন্দ্র।

এনটিভি অনলাইন ডেস্ক