গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩ হাজার ৭৮৯
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান হামলায় হতাহতের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩ জনের মরদেহ গাজার হাসপাতালগুলোতে আনা হয়েছে। এছাড়া আরও ২৭ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবরে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকরের পর থেকে ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে অন্তত এক হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা পৌঁছায়েছে চার হাজার ৬৮৬ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্য থেকে এ পর্যন্ত মোট ৮৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো পৌঁছাতে না পারায় এখনো অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৩ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে এক লাখ ৭৪ হাজার ৭৯৮ জনে পৌঁছেছে।

এনটিভি অনলাইন ডেস্ক