হরমুজ প্রণালিতে চালকবিহীন মার্কিন সাবমেরিন জব্দের দাবি ইরানের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক চালকহীন সাবমেরিন (ডুবোজাহাজ) বা ‘আন্ডারওয়াটার ড্রোন’ আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে পেন্টাগন ও মার্কিন সামরিক বাহিনী এই আটকের দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পানিতে ভাসছিল।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আমরা হরমুজ প্রণালির প্রবেশপথে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর অন্যতম আধুনিক, বুদ্ধিমান ও চালকহীন সাবমেরিনকে ফাঁদে ফেলে জব্দ করেছি। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, ড্রোনটি ক্যালিফোর্নিয়ার প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘অ্যান্ড্রিলের’ তৈরি ‘ডাইভ-এলডি’ মডেলের আন্ডারওয়াটার যান।
ইরানের দাবির জবাবে পেন্টাগনের এক মুখপাত্র ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রতিনিধি জানান, একদিনেরও বেশি সময় আগে আঞ্চলিক সাগরে চলমান অভিযানের সময় একটি আন্ডারওয়াটার ড্রোন যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। ড্রোনটি পুরোনো মডেলের ছিল। এটি কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহ করেনি কিংবা এতে কোনো গোপনীয় সনার বা রাডার সরঞ্জাম ছিল না, যা থেকে শত্রু পক্ষ সুবিধা নিতে পারে।
প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যান্ড্রিলের একজন মুখপাত্র জলযানটি হারিয়ে যাওয়ার কথা নিশ্চিত করে জানান, ডাইভ-এলডি মূলত ‘সহনশীল ব্যবস্থা’ হিসেবে তৈরি করা হয়েছে। অর্থাৎ, বিপজ্জনক পরিবেশে অভিযানের সময় যানটির ক্ষতি হওয়া বা হারিয়ে যাওয়া আগে থেকেই ধরে নেওয়া হয়। সৈনিকদের ঝুঁকিপূর্ণ সামুদ্রিক মিশন থেকে দূরে রাখাই এর প্রধান উদ্দেশ্য।
সামরিক বিষয়ের সংবাদমাধ্যম ডিফেন্সস্কুপের তথ্য অনুযায়ী, ১৯ ফুট (৫.৮ মিটার) দীর্ঘ এবং প্রায় ৩ টন ওজনের এই ডাইভ-এলডি যানটির প্রতিটির আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ মার্কিন ডলার (২৫.৫ কোটি টাকা)। এটি কোনো ঘাঁটিতে না ফিরে টানা ১০ দিন কাজ করতে পারে। পানির নিচে সর্বোচ্চ ৬ হাজার মিটার (১৯ হাজার ৭০০ ফুট) গভীর পর্যন্ত ডুব দিতে সক্ষম। এটি মূলত মাইন নিষ্ক্রিয়করণ, সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পানির নিচের ক্যাবল ও পাইপলাইনের মতো অবকাঠামো পর্যবেক্ষণে ব্যবহৃত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক