গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল
গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল মিসরের রাজধানী কায়রো যাচ্ছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন। তারা মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করবেন। খবর আল জাজিরার।
বৈঠকে ফিলিস্তিন ইস্যুর বিভিন্ন বিষয়, বিশেষ করে গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে আরও কার্যকর ও স্থায়ী করার প্রচেষ্টা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধি দলে আরও থাকছেন হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ, বিদেশে সংগঠনটির প্রধান খালেদ মেশাল, পশ্চিম তীরের প্রধান জাহের জাবারিন এবং আরব ও ইসলামিক সম্পর্কবিষয়ক কার্যালয়ের প্রধান বাসেম নাঈম।
হামাসের এই সফর এমন সময়ে হচ্ছে, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প ঘোষিত একটি চুক্তি প্রত্যাখ্যান করেছেন। ওই প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণের বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আন্তর্জাতিক একটি স্থিতিশীলতা বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব দেওয়ার কথা ছিল।
এদিকে, ‘বোর্ড অব পিস’-এর এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আগামী সপ্তাহে জেরুজালেমে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন। তার সঙ্গে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং গাজার জন্য বোর্ডটির উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ।
জেরুজালেমের বৈঠকের পর তারা কায়রো গিয়ে মিসরের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক