ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এনদে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
পরবর্তী আধা ঘণ্টায় ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১ মাত্রার তিনটি আফটার শক অনুভূত হয়। খবর আল জাজিরার।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, মাউমেরে বন্দরে এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
ভূমিকম্পে মাউমেরে অঞ্চলের বিভিন্ন স্থাপনা ও বন্দরের অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সুনামির আশঙ্কায় ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করে বাসিন্দাদের সমুদ্রসৈকত ও নদীর তীর থেকে দূরে সরে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, বাসিন্দাদের অন্তত ২ কিলোমিটার ভেতরে অথবা ১০ মিটারের বেশি উঁচু এলাকায় সরে যেতে হবে।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্পের প্রবণতা অত্যন্ত বেশি। ১৯৯২ সালের ডিসেম্বরে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে দুই হাজার ৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক