মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে ভাইরাল আসামের মন্ত্রীর মেয়ে
ভারতে ‘নিট’ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন আসামের জ্যেষ্ঠ মন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিশা মহন্ত।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে থেকে রাজ্য সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীর মেয়ের এমন মোদিবিরোধী স্লোগান দেওয়ার ভিডিও ফুটেজ রাতারাতি ভাইরাল হয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) আসামের গুয়াহাটির চাঞ্চলে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) ব্যানারে আয়োজিত শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সরাসরি অংশ নেন দিবিশা মহন্ত। সেখানে তাকে অন্য শিক্ষার্থীদের পাশাপাশি হাতে প্ল্যাকার্ড উঁচিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র স্লোগান দিতে দেখা যায়। খবর এনডিটিভির।
দিবিশার বাবা কেশব মহন্ত আসাম সরকারের জ্যেষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী এবং বিজেপির জোটসঙ্গী ‘আসাম গণ পরিষদের’ (এজিপি) জ্যেষ্ঠ নেতা। তিনি ২০১৬ সাল থেকে আসামের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের রাজস্ব মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ক্ষমতাসীন জোট সরকারের ক্যাবিনেট মন্ত্রীর মেয়ের এই ধরনের অবস্থান আসামের পাশাপাশি ভারতের জাতীয় রাজনীতিতেও ব্যাপক বিতর্ক ও কৌতূহলের জন্ম দিয়েছে। বিতর্ক তীব্র রূপ নিলে পরবর্তীতে দিবিশা তার সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন।
এদিকে, উদ্ভূত রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে এক সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সরকার শিক্ষার্থীদের মতামত প্রকাশ ও গণতান্ত্রিক প্রতিবাদের অধিকারকে শ্রদ্ধা করে। মুখ্যমন্ত্রী জানান, এটি শিক্ষার্থীদের একটি আন্দোলন এবং আমরা তাদের দাবিকে সম্মান করি। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করছেন। তবে বর্তমানে আসাম ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি, তাই সবার এখন এই মানবিক সংকটের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।
যদিও আন্দোলন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, তবে ক্ষমতাসীন এনডিএ সরকারের ভেতরে থেকে মন্ত্রীর মেয়ের মোদিবিরোধী তীব্র স্লোগান ভারতের জাতীয় রাজনীতিতে এক নতুন বিতর্কের সূচনা করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক