সৌদিতে ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়া চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীরকে প্রবাসীদের পক্ষ থেকে এক জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে জেদ্দার স্থানীয় একটি রেস্তোরাঁয় ফটিকছড়ি প্রবাসীদের উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা আহমদ রহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সাংসদ সারোয়ার আলমগীর। সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ফটিকছড়ি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন, নেজাম ও জামাল উদ্দিনসহ ফটিকছড়ির বিপুল সংখ্যক প্রবাসী। অনুষ্ঠান শেষে ফটিকছড়ি প্রবাসীদের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
এর আগে শুক্রবার রাতে পবিত্র নগরী মক্কায় ফটিকছড়ির সাংসদ সারোয়ার আলমগীরের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসীরা। ফটিকছড়ি প্রবাসী সমিতির সভাপতি ও এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির নেতৃত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হাসানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন এবং সংসদ সদস্যের সাথে কুশল বিনিময় করেন।

কামাল পারভেজ অভি, মক্কা