রাতেই নির্ধারণ হবে স্বর্ণের ভবিষ্যৎ, দর বাড়বে নাকি কমবে?
আন্তর্জাতিক বাজারে গত কয়েকদিন ধরে স্বর্ণের দামে টানা পতন চলছে, এটি কি বাড়বে নাকি আরও বড় ধস নামবে—তার ফয়সালা হতে যাচ্ছে আজ রাতেই। আজ বুধবার (২০ মে) মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভের’এপ্রিল মাসের নীতি নির্ধারণী সভার অতি গুরুত্বপূর্ণ কার্যবিবরণী রাতে প্রকাশ হতে যাচ্ছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই মূলত নির্ধারিত হবে বিশ্ববাজারে স্বর্ণের ভবিষ্যৎ গতিপথ। খবর রয়টার্সের।
বাজার বিশ্লেষকদের মতে, আজ রাতে ফেডের বার্তা যদি সুদহার বাড়ানোর পক্ষে যায়, তবে স্বর্ণের দাম আরও কমবে। আর যদি সুদহার কমানোর কোনো ইঙ্গিত মেলে, তবে ঘুরে দাঁড়াবে স্বর্ণের বাজার।
বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে প্রায় দেড় মাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি থিতু হয়েছে। আজ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৪ হাজার ৪৮১.৪৮ ডলারে নেমে এসেছে, যা গত ৩০ মার্চের পর সর্বনিম্ন। একই সঙ্গে মার্কিন গোল্ড ফিউচার্সের দামও শূন্য দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়ে আউন্স প্রতি ৪ হাজার ৪৮৩ দশমিক ৭০ ডলারে বেচাকেনা হচ্ছে।
স্বর্ণের এই রেকর্ড পতনের পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে শক্তিশালী মার্কিন ডলার ও বন্ডের ঊর্ধ্বমুখী মুনাফা। বর্তমানে মার্কিন ডলারের সূচক গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, যার ফলে বিশ্ববাজারে এর চাহিদা কমে যায়।
এরই মধ্যে ফিলাডেলফিয়া ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অ্যানা পলসন ইঙ্গিত দিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমান উচ্চ সুদের হারই উপযুক্ত, প্রয়োজনে তা আরও বাড়তে পারে। রয়টার্সের এক সাম্প্রতিক জরিপেও অর্থনীতিবিদরা আভাস দিয়েছেন, তীব্র মুদ্রাস্ফীতির কারণে ফেডারেল রিজার্ভ চলতি বছরে সুদের হার কমানোর পরিকল্পনা পুরোপুরি বাতিল করে তা ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দিতে পারে।
সাধারণত উচ্চ সুদের হারের বাজারে সুদমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণের ওপর থেকে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। তবে আজ রাতের ফেড মিটিংয়ের কার্যবিবরণী থেকে যদি বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে মার্কিন অর্থনীতিতে সুদের হার শিগগিরই কমতে যাচ্ছে, তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম রাতারাতি হু হু করে বাড়তে শুরু করবে। আর যদি সুদের হার দীর্ঘ সময় চড়া রাখার আভাস মেলে, তবে স্বর্ণের বাজারে মন্দা আরও দীর্ঘায়িত হবে।

এনটিভি অনলাইন ডেস্ক