ঈদুল আজহার তারিখ নিয়ে যা জানাল আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা
পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখের পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, ২০২৬ সালের ১৭ মে (রবিবার) জিলহজ মাসের নতুন চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব মতে, যদি ১৭ মে চাঁদ দেখা যায়, তবে ১৮ মে (সোমবার) থেকে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে (বুধবার) ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য তারিখ
ভৌগোলিক অবস্থান অনুযায়ী সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে যদি ১৭ মে মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়, তবে বাংলাদেশে ১৮ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটি হলে বাংলাদেশে ১৯ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
উল্লেখ্য, ধর্মীয় নিয়ম অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারিত হয়। জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাস কেবল গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা সাধারণত নিখুঁত হয়ে থাকে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মুসলিম বিশ্ব নিজ নিজ দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার অপেক্ষায় থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক