গোপনে ইরানে হামলা চালাচ্ছে আমিরাত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গোপনে ইরানে একাধিক হামলা চালাচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
স্থানীয় সময় সোমবার (১১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগার ছিল হামলার অন্যতম লক্ষ্য। খবর আনাদোলুর।
প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলের শুরুতে ওই শোধনাগারে হামলা চালানো হয়। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন। হামলায় শোধনাগারে বড় ধরনের আগুন লাগে এবং স্থাপনাটি অচল হয়ে পড়ে।
এর জবাবে ইরান আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সূত্রগুলোর একজন জানান, যুদ্ধে আমিরাতের সম্পৃক্ততাকে যুক্তরাষ্ট্র নীরবে স্বাগত জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এখন পর্যন্ত ইসরায়েলের চেয়েও বেশি হামলা চালিয়েছে আমিরাতের ওপর। দেশটিতে দুই হাজার ৮০০-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এসব হামলায় আমিরাতের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই ও বাধ্যতামূলক ছুটির ঘটনা ঘটেছে। একই সঙ্গে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার ভাবমূর্তিও চাপে পড়েছে বলে উপসাগরীয় কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।
তাদের ভাষায়, ইরানকে এখন এমন একটি ‘বেপরোয়া রাষ্ট্র’ হিসেবে দেখা হচ্ছে, যা আমিরাতের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে।
হামলার বিষয়ে মন্তব্য জানতে চাইলে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কিছু বলেনি। তবে তারা আগের একটি বিবৃতির দিকে ইঙ্গিত করেছে। বিবৃতিতে ‘বৈরী কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকারের’ কথা উল্লেখ ছিল।
মধ্যপ্রাচ্য বিশ্লেষক দিনা এসফানদিয়ারি বলেন, ইরানে সরাসরি হামলা চালানো কোনো উপসাগরীয় আরব দেশের যুদ্ধে জড়িয়ে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।
দিনা আরও বলেন, তেহরান এখন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করা অন্যান্য উপসাগরীয় আরব দেশের সঙ্গে আমিরাতের দূরত্ব বাড়ানোর চেষ্টা করতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক