ভাইস প্রেসিডেন্টকে অভিশংসন করতে ফিলিপাইনে আইনপ্রণেতাদের ভোট
ফিলিপাইনের আইনপ্রণেতারা আজ সোমবার (১১ মে) ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তেকে অভিশংসিত করার পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে সিনেট ট্রায়াল বা বিচার প্রক্রিয়ার পথ প্রশস্ত হলো, যা সারার ২০২৮ সালের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন চিরতরে শেষ করে দিতে পারে। খবর বার্তা সংস্থা এএফপির।
অভিশংসননামায় সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যার বিরুদ্ধে অবৈধভাবে অর্থ লেনদেন, দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং সাবেক মিত্র প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে কথিত এক হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, সিনেটের বিচারে দোষী সাব্যস্ত হলে সারা দুতার্তে তাঁর পদ হারাবেন এবং আজীবনের জন্য যেকোনো নির্বাচিত পদের জন্য নিষিদ্ধ হবেন।
ভোটের পরপরই প্রতিনিধি বিয়েনভেনিডো আবান্তে বলেন, ‘এটি এখন আর কেবল রাজনীতির বিষয় নয়। এটি বিবেক, দায়িত্ব এবং আমাদের জাতির ভবিষ্যতের বিষয়’। তিনি আরও বলেন, ‘এটি ২০২৮ সালকে সামনে রেখে বা রাজনৈতিক জোট নিয়ে নয়, এটি হলো আমরা এখনো বিশ্বাস করি কি না যে আইনের ঊর্ধ্বে কেউ নয়।’
আইনপ্রণেতারা ২৫৫-২৬ ভোটে অভিশংসনের পক্ষে রায় দেন, যেখানে ৯ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন। অভিযোগগুলো মূলত সরকারি তহবিলের অপব্যবহার, অঘোষিত সম্পদ, সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া এবং মার্কোস ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কথিত প্রাণনাশের হুমকির ওপর আলোকপাত করে আনা হয়।
মার্কোসের বিরুদ্ধে এই হুমকির সূত্রপাত হয় এক গভীর রাতের সংবাদ সম্মেলনে, যেখানে দুতার্তে দাবি করেছিলেন যে তাঁকে মেরে ফেলা হলে প্রেসিডেন্টকে হত্যার জন্য তিনি একজন ঘাতক ভাড়া করে রেখেছেন। পরে অবশ্য তিনি বলেছিলেন যে তাঁর মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সোমবারের ভোটের পর দুতার্তের প্রতিরক্ষা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রমাণের দায়ভার এখন অভিযোগকারীদের ওপর।

এনটিভি অনলাইন ডেস্ক