ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে এক সপ্তাহ সময় লাগবে : ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে সমঝোতা স্মারক চূড়ান্ত করতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করেন।
দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ঠিক কত সময় লাগতে পারে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি ‘এক সপ্তাহ’ সময়সীমার কথা উল্লেখ করেন। সাক্ষাৎকারে তাকে বেশ সতর্ক অথচ আশাবাদী মনে হয়েছে। ট্রাম্পের মতে, চুক্তির খসড়া নিয়ে দুই পক্ষই ইতিবাচক অবস্থানে রয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।
আরও পড়ুন : তামিলনড়ুতে পুনরায় নির্বাচনের দাবি, অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের সরকার গঠন
আরও পড়ুন : মার্কিন নৌ-অবরোধ ভেঙে পারস্য উপসাগরে ইরানি তেলের জাহাজ
যদিও ট্রাম্প এক সপ্তাহের কথা বলেছেন, তবে তার এই বক্তব্য নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ তাদের প্রতিবেদনে জানিয়েছিল, ওয়াশিংটন আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তেহরানের কাছ থেকে সমঝোতা স্মারকের জবাব আশা করছে। ট্রাম্পের দেওয়া এক সপ্তাহের সময়সীমাটি সেই ফিরতি জবাব পাওয়ার পরের বাড়তি প্রস্তুতির সময় কি না, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান ইস্যু নিয়ে বিভিন্ন রকম সময়সীমা উল্লেখ করে থাকেন। তবে বর্তমান পরিস্থিতিতে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, আলোচনার টেবিলে দুই পক্ষই এখন চুক্তির খুব কাছাকাছি অবস্থান করছে। এই সম্ভাব্য চুক্তির মূল লক্ষ্য হলো যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা। সূত্র : টাইমস অব ইসরায়েল

এনটিভি অনলাইন ডেস্ক