৭ মে মুখ্যমন্ত্রী হিসেবে ‘শপথ নিচ্ছেন’ থালাপতি বিজয়
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস লিখে আগামী ৭ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে জানা গেছে, চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে এই জমকালো শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এর আগে ৬ মে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন বলে বিশেষ সূত্রে জানা গেছে। খবর হিন্দুস্থান টাইমসের।
২৩ এপ্রিল অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। যদিও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের থেকে তারা ১০টি আসন পিছিয়ে আছে, তবুও এই ফলাফল কয়েক দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে এক নতুন রাজনৈতিক বিকল্পের ইঙ্গিত দিচ্ছে।
নির্বাচনে ডিএমকে নেতৃত্বাধীন জোট ৭৩টি ও এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোট ৫৩টি আসন পেয়েছে।
সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় বাকি ১০টি আসনের সমাধান বিজয় নিজেই বের করবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন টিভিকে নেতা নাঞ্জিল সম্পথ।
তবে ডিএমকে নেতা টি.কে.এস. এলাঙ্গোভান দাবি করেছেন, শুধু কংগ্রেসের সমর্থনে বিজয় সরকার গঠন করতে পারবেন না, কারণ কংগ্রেসের মাত্র পাঁচজন বিধায়ক রয়েছে যা লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট নয়।
নির্বাচনে জয়ের পর বিজয় তাঁর দলের আদর্শিক নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ও নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন। দলীয় সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় বিজয়কে উষ্ণ অভ্যর্থনা জানান নেতা-কর্মীরা। সভায় মূলত বিধানসভা দলের নেতা নির্বাচন ও বিধানসভায় দলের আগামী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এখন সবার নজর চেন্নাইয়ের দিকে, বিজয় কীভাবে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে তাঁর প্রথম সরকার গঠন করেন।

এনটিভি অনলাইন ডেস্ক