‘স্বৈরশাসক’ মন্তব্য ট্রাম্পকে লক্ষ্য করে নয় : পোপ লিও
ক্যামেরুনে দেওয়া ‘স্বৈরশাসক’ সংক্রান্ত বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ছিল না বলে জানিয়েছেন পোপ চতুর্দশ লিও।
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) অ্যাঙ্গোলাগামী ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই বক্তব্য দুই সপ্তাহ আগেই লেখা হয়েছিল- যা ট্রাম্পের মন্তব্যের আগের ঘটনা। তবুও এটিকে এমনভাবে দেখা হয়েছে যেন আমি আবারও প্রেসিডেন্টের সঙ্গে বিতর্কে জড়াতে চেয়েছি, যা মোটেও আমার উদ্দেশ্য নয়। খবর বিবিসির।
এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) ট্রাম্প পোপের সমালোচনা করে তাকে ‘পররাষ্ট্রনীতিতে দুর্বল’ বলে আখ্যা দেন। ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক অভিযানের সমালোচনা করায় পোপের বিরুদ্ধে এ মন্তব্য করেন তিনি।
পোপ লিও বলেন, ট্রাম্পের মন্তব্যের পর একটি ‘ভুল বর্ণনা’ তৈরি হয়েছে, যা প্রকৃত পরিস্থিতিকে প্রতিফলিত করে না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্যামেরুনে এক বক্তব্যে পোপ বলেন, অনেক নেতা দেখেও না দেখার ভান করেন। যেখানে যুদ্ধ ও ধ্বংসে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, অথচ চিকিৎসা, শিক্ষা ও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থের অভাব রয়েছে।
পোপ আরও বলেন, যুদ্ধের নায়কেরা বোঝেন না যে ধ্বংস করতে এক মুহূর্তই যথেষ্ট, কিন্তু পুনর্গঠন করতে অনেক সময় এক জীবনও যথেষ্ট নয়।
এ বক্তব্যকে অনেকেই ট্রাম্পের প্রতি ইঙ্গিত হিসেবে দেখলেও ট্রাম্প পরে বলেন, পোপ যা খুশি বলতে পারেন, আমিও তার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি।
উল্লেখ্য, পোপ লিও বর্তমানে আফ্রিকা সফরে রয়েছেন। চারটি দেশের ১১টি শহর সফরের এ কর্মসূচি তার পোপ নির্বাচিত হওয়ার পর দ্বিতীয় বড় বিদেশ সফর। আফ্রিকায় ক্যাথলিক ধর্মাবলম্বীর সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক