আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিক খুলল ইরান
আন্তর্জাতিক ফ্লাইটের যাতায়াতের জন্য নিজেদের পূর্বাঞ্চলের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আজ শনিবার (১৮ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। খবর এএফপির।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ওপর দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক রুটের বিমানগুলোর জন্য দেশটির পূর্বাঞ্চলীয় আকাশপথগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে বেশ কয়েকটি বিমানবন্দর থেকেও কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।
আকাশসীমা খুলে দেওয়ার এই ঘোষণা আসার তিন ঘণ্টা পরও এর বাস্তব প্রতিফলন দেখা যায়নি। বিভিন্ন ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখনও কোনো আন্তর্জাতিক ফ্লাইট ইরান অতিক্রম করছে না। বরং বেশিরভাগ বাণিজ্যিক বিমান দীর্ঘ পথ ঘুরে ও ইরানের আকাশসীমা পুরোপুরি এড়িয়ে বিকল্প পথে যাতায়াত করছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আকাশসীমা আংশিক চালুর কথা বললেও, নিরাপত্তা শঙ্কার কারণে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো এখনও ইরানের আকাশপথ ব্যবহারে সতর্কতা অবলম্বন করছে বলে ধারণা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক