ইরানের সঙ্গে ‘বড় ও স্থায়ী সমঝোতা’ চান ট্রাম্প : জেডি ভ্যান্স
ইরানের সঙ্গে কোনো ছোটখাটো চুক্তি নয়, বরং একটি বড় ও স্থায়ী সমঝোতা বা ‘গ্র্যান্ড বারগেইন’ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) জর্জিয়ার অ্যাথেন্সে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই তথ্য জানান। খবর বিবিসি ও সিবিএস নিউজের।
টার্নিং পয়েন্ট ইউএসএ-এর ওই অনুষ্ঠানে ভ্যান্স বলেন, গত সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশের প্রতিনিধিরা ‘বড় অগ্রগতি’ করেছেন। তবে ট্রাম্প কেবল আংশিক কোনো সমাধান বা ‘স্মল ডিল’ চান না; তিনি চান একটি সুদূরপ্রসারী ও শক্তিশালী চুক্তি, যাকে ভ্যান্স ‘ট্রাম্পিয়ান গ্র্যান্ড বারগেইন’ হিসেবে অভিহিত করেছেন।
আলোচনা কেন চূড়ান্ত রূপ পেল না- সে প্রসঙ্গে ভাইস প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত অনাস্থা রয়েছে। আপনি রাতারাতি এই সমস্যার সমাধান করতে পারবেন না।
বিশ্লেষকদের মতে, ভ্যান্সের এই মন্তব্য থেকে স্পষ্ট, ট্রাম্প প্রশাসন কেবল পরমাণু বা সামরিক ইস্যু নয়, বরং ইরানের সঙ্গে সম্পর্কের এক বিশাল পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তবে তেহরান এই আলোচনায় শর্তগুলো মেনে নেবে কি না, তা নিয়ে এখনও যথেষ্ট সন্দেহ রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ বজায় থাকা অবস্থায় ইরান এমন কোনো বড় চুক্তিতে রাজি হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

এনটিভি অনলাইন ডেস্ক