ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা কবে জানালেন ট্রাম্প
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে কোনো সমঝোতা হয়নি। দুপক্ষ ফের বৈঠকে বসবে নাকি যুদ্ধে জড়াবে এনিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই। এমন পরিস্থিতিতে ফের দুপক্ষের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কবে দুপক্ষ আলোচনায় বসতে পারে সেই সময়ও জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেছেন, আগামী দুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে বৈঠক ফের শুরু হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী দুদিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) গিয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহী।
এর আগে গত ১১ এপ্রিল দুপক্ষের বৈঠক হয়। ২১ ঘণ্টার ‘ম্যারাথন বৈঠক’ শেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তি পৌঁছাতে পারিনি। আর এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।
এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন করতে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি গতকাল সোমবার (১৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোনকল করে এই আহ্বান জানান।
ম্যাক্রোঁ বলেন, ভুল বোঝাবুঝি দূর করতে হবে এবং যেকোনো সংঘাত এড়াতে হবে।
আঞ্চলিক যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে এতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে বলেন ম্যাক্রোঁ।

এনটিভি অনলাইন ডেস্ক