যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে ইরান সরকার। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, মার্কিন-ইসরায়েলি হামলায় প্রাথমিকভাবে প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
রাশিয়ার সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান আলোচনায় ইরানের আলোচক দল যুদ্ধক্ষতিপূরণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনাতেও এ বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। খবর আনাদোলুর।
তবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও চূড়ান্ত নয় উল্লেখ করে মোহাজেরানি বলেন, ক্ষয়ক্ষতির হিসাব সাধারণত বিভিন্ন স্তরে যাচাই করতে হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব হামলায় হাজারো মানুষ নিহত ও আহত হয়। এর জবাবে ইরান ইসরায়েল, ইরাক, জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন সামরিক উপস্থিতি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
পরবর্তীতে দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টার আলোচনার পর রোববার (১২ এপ্রিল) ভোরে বৈঠক শেষ হয় কোনো সমাধান ছাড়াই।

এনটিভি অনলাইন ডেস্ক