লারিজানি হত্যার ‘প্রতিশোধে’ তেল আবিবে হামলার দাবি আইআরজিসির
আলী লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় ইসরায়েলের অভ্যন্তরে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় আঘাত হানা হয়েছে।
তাদের দাবি, ইসরায়েলের ‘বহুস্তরবিশিষ্ট ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা’ ভেঙে পড়ায় এই হামলা সফল হয়েছে।
আইআরজিসি জানায়, হামলায় খোররামশাহর-৪, কদর, এমাদ ও খাইবারশেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
এদিকে, ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তেল আবিব অঞ্চলের রামাত গান এলাকায় হামলার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হয়েছেন।
এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার (১৬ মার্চ) রাতে বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানিকে হত্যা করেছে।
আলী লারিজানির ছিলেন যুদ্ধের প্রথম দিনে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর মারা যাওয়া দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা।

এনটিভি অনলাইন ডেস্ক